সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার 

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীক রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় করা পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. জামসেদ আলম আবেদন মঞ্জুর করে আদেশ দেন। 

এদিন যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শিক্ষার্থী মো. আরিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান কারাগারে থাকা খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক মো. টিপু সুলতান তার আরজিতে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত দুই আবেদনই মঞ্জুর করে। 

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরের বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুলাই অভ্যূত্থানে হত্যাসহ ষোড়শ সংশোধনীর মামলার রায় জালিয়াতির অভিযোগে পৃথক চার মামলায় গত ৮ মার্চ খায়রুল হককে জামিন দেয় হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত