ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় পর দেশটিতে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) ৪ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রাইস ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’-এর তথ্যের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে পেট্রোলের জাতীয় গড় খুচরা মূল্য গ্যালন প্রতি প্রায় ১.০৬ ডলার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।
এর আগে, ২০২২ সালের আগস্টে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ ডলারের এই মাইলফলক স্পর্শ করেছিল। দীর্ঘ সময় পর আবারও সেই উচ্চমূল্যের রেকর্ড ফিরে এলো।
উল্লেখ্য, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, তখন তিনি জ্বালানি তেলের দাম কমানো এবং যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধি মার্কিন অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা