সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:০৯ এএম

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রাম এলাকায় চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়ে এবং সামান্য আগুনের সূত্রপাত হয়। মূলত ইঞ্জিনে ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, ট্রেন ইঞ্জিনে তাৎক্ষণিক ত্রুটির ফলে দুর্ঘটনাটি ঘটে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে আসে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত