আয়কর রিটার্ন জমার শেষ সময় আজ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

কয়েক দফা সময় বাড়ানোর আজ মঙ্গলবার (৩১ মার্চ) আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে। অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে হবে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন নিয়েছেন।

অনলাইনে আয়কর জমা দেওয়ার পদ্ধতি:  সব করদাতাকে রিটার্ন দিতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নেওয়ার জন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর লাগবে। যারা দেশের বাইরে থাকেন, তাদের ই-মেইলের মাধ্যমে নিবন্ধনের ওটিপি দেওয়া হয়। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়–ব্যয়ের হিসাব দিতে হয়। এরপর করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যায়, তা-ও গণনায় আনতে হবে। এ ছাড়া কোনো খাতে করছাড় থাকলেও তা বিবেচনায় আনবেন।

আয়-ব্যয়ের পাশাপাশি সম্পদের বিবরণীও দিতে হবে। এ জন্য ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকতে হবে। বাড়ি-গাড়ি থাকলেও সম্পদের বিবরণী দেওয়া লাগবে।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত