দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের রূপান্তরের সম্ভাবনা তৈরি করেছে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প। স্বচ্ছতা ও সময়নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই খাতে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কপি রাইটস ভবনে হিট প্রকল্প কার্যালয় পরিদর্শন শেষে অগ্রগতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্পটি উচ্চশিক্ষার বিভিন্ন কাঠামোগত সমস্যা সমাধানের সুযোগ তৈরি করেছে। এর বিভিন্ন কম্পোনেন্ট সরকারের উচ্চশিক্ষা-সংক্রান্ত অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে অতিরিক্ত উদ্যোগ বা অর্থায়নের প্রয়োজন হবে না। বরং সরকারি সহযোগিতা আরও জোরদার হবে।
অর্থ ব্যয়ই প্রকল্পের মূল লক্ষ্য নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে হবে। গবেষণা প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা, আইনগত কাঠামো ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
