এন্দ্রিক ম্যাজিকে ক্রোয়েশিয়া বধ, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

আক্রমণ-পাল্টা আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল ব্রাজিলই। প্রথমার্ধে লিড নিয়েও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে এন্দ্রিক মাঠে নামার পরই দৃশ্যপট বদলে যায়। মাত্র চার মিনিটের ঝড়ে ক্রোয়েটদের স্তব্ধ করে দিয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল শারীরিক ফুটবলের দাপট। প্রথম ১১ মিনিটেই রেফারির বাঁশিতে ১১টি ফাউল বাজতে দেখা যায়। তবে সময় গড়ানোর সাথে সাথে খেলার গতি বাড়ে। ১৯ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাসে দানিলোর শট এবং ৩৬ মিনিটে জোয়াও পেদ্রোর প্রচেষ্টা ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুর্দান্তভাবে রুখে না দিলে ব্যবধান আগেই বাড়তে পারত।

প্রথমার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে গোল আদায় করে নেয় ব্রাজিল। ভিনিসিউসের চমৎকার ড্রিবলিং ও কাটব্যাক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন দানিলো। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের ব্যর্থতার সুযোগ নিয়ে দানিলো লভরো মায়ের সমতা ফেরান। দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুসরা।

ম্যাচ যখন ১-১ সমতায় থেকে ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে ওঠেন তরুণ তুর্কি এন্দ্রিক। ৮৮ মিনিটে ডি-বক্সের ভেতর এন্দ্রিক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিকে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে নেন ইগো চিয়াগো।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও এন্দ্রিক ম্যাজিক। তাঁর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মাত্র চার মিনিটের এই ব্যবধানেই জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।

ফ্রান্সের বিপক্ষে হারের পর এই জয় ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরাতে এই জয় টনিক হিসেবে কাজ করবে। এডারসনের বদলে মাঠে নামা গোলরক্ষক বেন্টো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত