তিন জেলার সড়কে ঝরল ৯ প্রাণ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

মাত্র আট ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ হয়ে উঠেছিল মৃত্যুফাঁদ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, নিমসার, চান্দিনা এবং চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। যাতে প্রাণ হারিয়েছে সাতজন। যাদের কেউ চালক, কেউ শিক্ষার্থী ও পথচারী। একই দিন ঝিনাইদহ জেলায় ভ্যানগাড়ির ধাক্কার মারা যান এক পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার দাউদকান্দির বারপাড়া এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার ভেতরেই মারা যান আবদুল বারেক (৫৩) ও মো. মোস্তফা (৫২)।

নিহত আবদুল বারেকের ভাতিজা রিফাত হোসেন জানান, ‘একই পরিবারের পাঁচজন গত মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুরে লেংটার মেলা এবং ওরসে যান। সেখান থেকে ভোররাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বারেক ও মোস্তফা। আহত হন অটোরিকশার চালকসহ চারজন।

একই সময়ের কাছাকাছি, জেলার বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন দুই চালকÑ জহিরুল ইসলাম (২৭) ও সোহেল রানা (৩৫)।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার তালিকাও দীর্ঘ হয়েছে। চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হতে গিয়ে নিহত হন নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৫)। কোচিং শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রামের গাংরা এলাকায় ভোরের দিকে বিকল হয়ে পড়া একটি কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক (৩৯) গাড়ির সমস্যা দেখার সময় পেছন থেকে আসা আরেকটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সর্বশেষ একই দিন দুপুর ১২টার দিকে ঢাকামুখী লেনে চৌদ্দগ্রাম বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন হাজেরা বেগম (৭০)। তিনি মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন।

এদিকে গতকাল বুধবার ঝিনাহদহ জেলায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী শমসের আলী (৭৫)। স্থানীয়রা জানায়, দুর্ঘটনাস্থল আরাপপুর এলাকায় সকালে ছেলের বাড়ি থেকে শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ভ্যানগাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু : নিজস্ব প্রতিবেদক ঢাকা জানান, রাজধানীর কোতোয়ালি থানার রায়সাহেব বাজার এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুসলিম মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে রিকশাযোগে মার্কেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম মিয়া মৃত ঘোষণা করেন। মুসলিম মিয়ার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত