ইউএনওপিএস প্রতিনিধিদল সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একটি সংস্থা ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলিধরনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ ইউনিভার্সাল সিস্টেমে প্রতিটি পরিবারের নারীপ্রধানকে দেওয়া। তিনি এ কর্মসূচি বাস্তবায়নসংক্রান্ত তথ্যাদি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারীপ্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে, যে কার্ড হবে প্রতিটি পরিবারের নারীপ্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। মন্ত্রী দরিদ্র ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কেয়ারগিভারের ওপরও আলোকপাত করেন।

এজেডএম জাহিদ হোসেন এবং ফারজানা শারমীনকে ইউএনওপিএসের পক্ষ থেকে অভিনন্দন জানান সুধীর মুরলিধরন। তিনি বর্তমান সরকার পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত