অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল মিজানুর রহমান আজহারীর

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম

অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তে ভিসা বাতিল হওয়ায় দেশটি ছেড়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। জানা গেছে, অ্যাডলফ হিটলারকে নিয়ে তার পুরনো এক বক্তব্যকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজহারীর দাবি, এই সিদ্ধান্তের পেছনে একটি বিশেষ মহলের প্রভাব কাজ করেছে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। গতকাল বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে আমি অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য কারণ এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

আজহারী বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি সাম্প্রদায়িক সম্প্রীতি (ঈড়সসঁহধষ ঐধৎসড়হু) এবং শান্তিপূর্ণ সহাবস্থান (জবষরমরড়ঁং ঈড়বীরংঃবহপব)-এ বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তার বক্তব্য রাখার কথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত