কমলগঞ্জের বিনা চিকিৎসায় চা শ্রমিকের স্ত্রীর মৃত্যুতে দিনভর কর্মবিরতি

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

বাগান কর্তৃপক্ষের কাছ থেকে চিকিৎসা সহায়তা না পেয়ে চা শ্রমিকের স্ত্রী রিয়া বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী এ কর্মবিরতী ও বিক্ষোভ করেন চা শ্রমিকরা।

স্থানীয় ও চা শ্রমিকদের সূত্রে জানা যায়, দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী রিয়া বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বাগান ব্যবস্থাপকের কাছে বার বার সহায়তা চাওয়া হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাকে সিলেট আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 

কর্মবিরতীতে উপস্থিত থাকা দেওড়াছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি বলেন, আমাদের সহকর্মী চা শ্রমিক ছাব্বিরের স্ত্রী রিয়া বেগমের মৃত্যুর খবর বাগানে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাগানের কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। 

ঘটনার খবর পেয়ে শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে ছুটে যান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিতাংশু কর্মকার, রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান জয়নু এবং মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটন। তারা বাগান কর্তৃপক্ষের এমন উদাসীনতার তীব্র নিন্দা এবং রিয়া বেগমের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও বাগানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার দাবি জানান।

তবে এ ঘটনায় দেওড়াছড়া চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপক জহিরুল হক তার দায় স্বীকার করেছেন। তিনি উপস্থিত শ্রমিকদের সম্মুখেই চিকিৎসা সহায়তা না দিতে পারার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, চা বাগান কর্তৃপক্ষ দায় স্বীকার করেছে। আমরা চেয়েছিলাম বিষয়টি সমাধান করার জন্য, কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত