আইএফআইসি’র অ্যাপস হ্যাক, তিন লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলার এক ব্যবসায়ী চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছেন আমির হোসেন জুয়েল নামের এক ব্যবসায়ী। আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখা থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই ব্যবসায়ী বাদি হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার(১এপ্রিল) মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। ব্যাংক কর্মকর্তাদেরও দাবি এটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র একাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। ডিজিটাল ব্যাংকিং যত সহজ হয়েছে,ততই বেড়েছে প্রতারণার ঝুঁকি। স্মার্টফোনের নিয়ন্ত্রণ হারানোর কয়েক মিনিটের মধ্যে ব্যাংক হিসেব খালি। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সোনাগাজী বাজারের মাহবুব মার্কেটের নিয়াজ ফ্যাশনের মালিক আমির হোসেন জুয়েল আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার একজন গ্রাহক। তার ব্যাংক একাউন্ট থেকে গত ১৮ মার্চ রাত সাড়ে নয়টার দিকে তিন লাখ টাকা উধাও হয়ে যায়। পরদিন তিনি সোনাগাজী মডেল থানায় সাধারন ডায়েরি করেন। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেছে নীলফামারী জেলার ডিমলা সোনালী ব্যাংক শাখার বজলার রহমানের ৫৩০৪১০১০৩৮০৪৫ হিসাব নাম্বারে টাকাগুলো জমা হয়েছে। গ্রাহক টাকাগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হন। 

এ প্রসঙ্গে আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার ইনচার্জ শারমিন আক্তার বলেন, ওটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র ব্যবসায়ীর টাকাগুলো হাতিয়ে নিয়েছে। আমরা টাকাগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধান কার্যালয়েও বিষয়টি জানিয়েছি। 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত