ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে জাহাজের প্রবাহ বন্ধ রাখায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে আগামী ১৫ এপ্রিল থেকে মালয়েশিয়ার সব সরকারি মন্ত্রণালয়, সংস্থা এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার নতুন নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। গত বুধবার রাতে এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের ব্যবহার কমানো এবং জ্বালানি সরবরাহে স্থায়িত্ব নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, এ পদক্ষেপটি দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা ও জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর কৌশলের অংশ। আনোয়ার ইব্রাহিম জানান, এ নীতিমালার বিস্তারিত আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
মালয়েশিয়ার সরকার জ্বালানি তেলে বড় আকারে ভর্তুকি দিয়ে থাকে। দেশটির ভোক্তারা প্রতি লিটার লেডবিহীন পেট্রোলের জন্য মাত্র ১ দশমিক ৯৯ রিঙ্গিত (৫০ সেন্টেরও কম) পরিশোধ করেন। বর্তমানে মালয়েশিয়া অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ১০০ কোটি ডলার ভর্তুকি দিচ্ছে। মূলত এই বিশাল ব্যয়ভার কমানো এবং জ্বালানি সংকট মোকাবিলা করতেই মালয়েশিয়া সরকার এমন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুনরুদ্ধারের সময়কাল দীর্ঘ হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে কোনো নাগরিক ২০০ লিটারের বেশি তেল ভর্তুকিতে কিনতে পারবেন না। আগে এ সীমা ৩০০ লিটার ছিল। ভর্তুকিবিহীন তেলের দাম বিশ্ববাজারে ওঠানামার সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। গত সপ্তাহে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, হরমুজ প্রণালিতে পেট্রোনাস, সাপুরা এনার্জি ও এমআইএসসি নামের তেলবাহী জাহাজ আটকে আছে। পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকে জানান, মালয়েশীয় জাহাজ পারাপারে টোল বসাবে না তেহরান। তিনি বলেন, ‘আমরা বন্ধুভাবাপন্ন দেশ, ইরান সরকারের সঙ্গে আমাদের ভালো কূটনীতিক সম্পর্ক আছে।’ এর আগে গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি থেকে নিরাপদে দেশে ফেরার অনুমতি দেওয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান। আনোয়ার ইব্রাহিম বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো ও ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা।
