১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাব করেছে নিউজিল্যান্ড সরকার। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে মেটার মতো প্রতিষ্ঠানগুলো যদি এই নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে তাদের বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। গতকাল সোমবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিলটি উত্থাপিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, ‘নিউজিল্যান্ডের এক প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। লাক্সন বিশেষভাবে ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ফেসবুক প্ল্যাটফর্মগুলোর নাম উল্লেখ করে বলেন, ব্যবহারকারীদের বয়স ১৬ বছরের বেশি কিনা তা যাচাই করতে এই কোম্পানিগুলোকে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে।
তবে বিলটি পাস হবে কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির দুই জোট শরিকÑ উদারপন্থি অ্যাক্ট পার্টি এবং জনতাবাদী নিউজিল্যান্ড ফার্স্ট প্রস্তাবিত বিলের বিরোধিতা করেছে। তবে প্রধান বিরোধী দল লেবার পার্টি এই বিলটিকে সমর্থন দেবে কি না তা সিদ্ধান্ত নেওয়ার আগে এক ডজন প্রশ্নের একটি তালিকা জমা দিয়েছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এই আইন কার্যকর করে।