রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাওয়ালার নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও পরিচয় সনাক্ত হয়নি আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

এসব তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাক ধাক্কায় এই  দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। 

এদিকে, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন। আর আটক করেন ট্রাকটির চালাককে।

তিনি জানান, আটকের পর ট্রাকচালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সাথে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত