আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা -এর বলরুমে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মাটের্র ২১তম আসর। “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬” শীর্ষক পর্যটন মেলাটির আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারী এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ।
এছাড়া মেলার পার্টনার হিসেবে থাকছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স, মিউচাল ট্রাষ্ট ব্যাংক পিএলসি, শীর্ষস্থানীয় জিডিএস প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে ৯ এপ্রিল মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এম নাছের রহমান এমপি।
মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রদানকারীসহ পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার।
মেলায় দর্শনার্থীরা দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, মেডিকেল ট্যুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।
মেলা ৯ থেকে ১১ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্রতে পুরষ্কার হিসেবে থাকবে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন, এবং দেশের নামকরা তারকা হোটেলের লাঞ্চ ও ডিনার ভাউচার।
