ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এ প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসি-এর প্রতিষ্ঠাতা মো. ওসমান।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের একটি কনফারেন্স আয়োজনের মাধ্যমে ইউসিটিসি দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ কনফারেন্সের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রম আরও গতিশীল হবে।
আলোচনা সভায় কনফারেন্সের সম্ভাব্য সময়সূচি হিসেবে ২০২৬ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে কনফারেন্সের থিম নির্ধারণ, সাব-কমিটি গঠন, গবেষণাপত্র আহ্বান (কল ফর পেপারস) প্রকাশ, এবং আন্তর্জাতিক জার্নালে নির্বাচিত প্রবন্ধ প্রকাশের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, প্রফেসর ও অ্যাডভাইজর, সিএসই বিভাগ, ইউসিটিসি।
সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউসিটিসির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজন করা সম্ভব হবে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
