ভারতের বৃহত্তম সমন্বিত পরিবহন ইউটিলিটি এবং শীর্ষ বন্দর উন্নয়ন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) ৫০ কোটি টন কার্গো হ্যান্ডলিংয়ের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে।
এপ্রিলের শুরুতেই প্রতিষ্ঠানটি এই সফলতা অর্জন করেছে, যা একই সঙ্গে ভারতের অবকাঠামো-নির্ভর প্রবৃদ্ধির শক্তিকেও তুলে ধরছে। বর্তমানে এপিএসইজেডের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বছরে ৬৩.৩ কোটি টন, যা ভারতের মোট বন্দর ভলিউমের প্রায় ২৮ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা ১০০ কোটি টনে উন্নীত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ১৯৯৮ সালে একটি একক বন্দরকেন্দ্রিক ভাবনা থেকে শুরু করে আজ ভারত ও বিদেশে বিস্তৃত ১৯টি বন্দর ও টার্মিনালের নেটওয়ার্কে পরিণত হয়ে এপিএসইজেড ভারতের বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে উঠেছে।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ‘বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, এগুলো জাতীয় আত্মবিশ্বাস, প্রতিযোগিতা এবং ভবিষ্যতের প্রবেশদ্বার। আমাদের গ্রাহক, অংশীদার এবং এপিএসইজেড পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ, যাদের নিষ্ঠা ও বিশ্বাস এই মাইলফলক সম্ভব করেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের নীতিগত সহায়তা আমাদের এই ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছে।’
