অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৫ এপ্রিল) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম জসিম উদ্দিন। তিনি ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন খুলনার তেরখাদা উপজেলার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গার সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের রাসেল (৩৭), গোপালগঞ্জের সুমন গোলদার (২০), বাগেরহাটের অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জের চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটক অন্যদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।
বিজিবি সূত্র জানায়, রবিবার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। একই দিনে পলিয়ানপুর বিওপির অভিযানে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ ৪ জনকে আটক করা হয়।
অন্যদিকে, কুসুমপুর বিওপির সদস্যরা পিপুলবাড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আরও ৬ বাংলাদেশিকে আটক করে।
পরে আটক ১১ জনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদে টান