বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অ্যামচ্যাম ও ইউরোচ্যামের আহ্বান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ এএম

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম)। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে সংগঠনের নেতাদের এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যামচ্যাম জোর দিয়ে বলেছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে করনীতিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটি বিশেষভাবে করপোরেট করের হার ধাপে ধাপে কমানো এবং বড় আকারের বিনিয়োগের জন্য কাঠামোবদ্ধ কর-স্থিতিশীলতা কাঠামো চালুর সুপারিশ করেছে।

অ্যামচ্যামের অন্যান্য প্রস্তাবের মধ্যে কর কাঠামো সহজীকরণ, একাধিক করের চাপ কমানো এবং দ্বৈত কর সমস্যার সমাধান, যাতে সব খাতে ন্যায্যতা নিশ্চিত হয়। অ্যামচ্যামের সভাপতি সাইয়েদ এরশাদ আহমেদ বলেন, এসব সুপারিশের লক্ষ্য হলো একটি ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করব্যবস্থা গড়ে তোলা। বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে সংস্থাটি দেশীয় বিধিবিধানকে আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং উন্নত কর-রুলিং ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে। বিনিয়োগকারীরা কর অবকাশ (ট্যাক্স হলিডে) সংক্রান্ত আরও স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন, যাতে যোগ্যতা ও সুবিধার নির্দিষ্ট মানদ- থাকায় বিভ্রান্তি কমে। প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা জোরদারে প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, অনুগত্য প্রক্রিয়া সহজীকরণ, ভ্যাট ফেরত ব্যবস্থার উন্নয়ন এবং এনবিআর পৃথকীকরণের পরিকল্পনা এগিয়ে নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত