মায়ামির নতুন ‘স্বর্গে’ মেসির অভিষেক গোল

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ এএম

দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান ঘটল। ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে চিরস্থায়ী ঠিকানা খুঁজে পেল ইন্টার মায়ামি। মায়ামিতে নবনির্মিত ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার দৃষ্টিনন্দন নু স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে মায়ামির নতুন এই দুর্গে উৎসবের দিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাটা মার্টিনোর উত্তরসূরি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম জুড়ে ছিল এক রাজকীয় আবহ। ফিতা কেটে নতুন স্টেডিয়ামের উদ্বোধন করেন ক্লাব মালিক ডেভিড বেকহ্যাম এবং হোর্হে মাস। গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং সংগীত তারকা মার্ক অ্যান্থনির মতো তারকারা। উদ্বোধনী বক্তব্যে আবেগাপ্লুত বেকহ্যাম বলেন, ‘১৩ বছর আগে আমি মায়ামিতে দল গড়ার ঘোষণা দিয়েছিলাম। তখন আমাদের কোনো নাম ছিল না, ভক্ত ছিল না, স্টেডিয়ামও ছিল না। আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন, আমাদের নিজেদের ঘর আছে এবং ইতিহাসের সেরা ফুটবলারটি আমাদের হয়ে খেলছে। স্বপ্ন সত্যিই সত্যি হয়।’

ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য সুখকর ছিল না। মাত্র ৬ মিনিটের মাথায় গুইলহার্ম বিরোর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে মায়ামির নতুন ঘরের প্রথম গোলটি করতে বেশি সময় নেননি এলএম১০। ম্যাচের প্রথমার্ধেই রাইট-ব্যাক ইয়ান ফ্রে-র ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে স্টেডিয়ামকে উল্লাসে মাতান মেসি। এটিই নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির কোনো খেলোয়াড়ের প্রথম গোল।

বিরতির পর ৫৩ মিনিটে অস্টিনের জেইডেন নেলসন গোল করে আবারও মায়ামিকে স্তব্ধ করে দেন। ম্যাচে ফেরার জন্য মরিয়া মাশ্চেরানো ৭৩ মিনিটে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। ৮১ মিনিটে মেসির কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে সুয়ারেজ গোল করে সমতা ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে সুয়ারেজ আরও একবার বল জালে জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হওয়ায় জয়বঞ্চিত হয় মায়ামি।

ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো দলের পারফরম্যান্সে কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ১৮টি গোলের সুযোগ তৈরি করেও জয় না পাওয়ায় তিনি বলেন, ‘আমরা হতাশ। ফুটবল কোনো সুইচ টিপে অন-অফ করার বিষয় নয়। আমরা প্রথমার্ধ যেভাবে হেলায় নষ্ট করেছি, সেটা মোটেও কাম্য ছিল না। নিউ ইয়র্কের বিপক্ষে জয়ের পর আজ আমরা এক ধাপ পিছিয়ে গেলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত