ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া এস এম সুলতান সেতু এলাকায় সড়ক দূর্ঘটনায় তজিরন বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তজিরন বেগম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়ার মজিদ শেখের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা টুটুল মিয়া বলেন, নড়াইলের আউড়িয়া সাবেক টোল ঘরের সামনে যাত্রীবাহী বাস থেকে নেমে ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতেছিলেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
