গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে থ্রী-স্টার ব্যাটারি কারখানা সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) বেলা ৩ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। এ সময় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমার উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত বেলাল হোসেন (৩৫) স্থানীয় আব্দুল মালেকের ছেলে। তিনি গোপালপুর এলাকার থ্রী স্টার ব্যাটারি কারখানার মালিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত থ্রী-স্টার ব্যাটারি কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমার জানান, এই কারখানায় পুরাতন লিড এসিড ব্যাটারি থেকে সীসা আহরণ করা হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমানে সীসা বাতাসে মিশে যেতে পারে।
এছাড়া মাটির সাথে মিশে গিয়ে ফসলের ক্ষতি হতে পারে। কখনো কখনো প্রানী মারা যায়, বায়ু দূষণের মাধ্যমে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
এ ধরনের প্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে আগে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করতে হবে। এই প্রতিষ্ঠানের মালিক পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্রের জন্য আবেদন করলেও কারখানার ৩০০ মিটার এলাকার মধ্যে বসতবাড়ি রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে কারখানাটি চালু রাখার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আইনগত গ্রহণ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানার টাকা আদায় করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে।
