সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

নাটোরের সিংড়ায় বেপরোয়া গতির বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৮) নামের এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌরসভার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন নামের একটি দ্রুতগামী বাস মহাসড়কের উল্টো পথ দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু গভীর শোক প্রকাশ করে বলেন, রুবেলের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। দলের ক্লান্তিকালে রুবেল একজন নিবেদিত কর্মী ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

দুর্ঘটনার পর ঘাতক চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত