শ্রীলংকায় এলপিজির দাম বাড়ল ২৩ শতাংশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ এএম

ইরানে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ¦ালানি সংকট তীব্র হয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রায় প্রতিদিন তেল-গ্যাসের দাম ওঠানামা করছে। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে এলপিজির দাম ২৩ শতাংশ বেড়েছে। গ্যাসের পাশাপাশি তেলের জন্যও আমদানির ওপর নির্ভরশীল শ্রীলংকা। এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লাও আমদানি করে কলম্বো।

শ্রীলংকার স্থানীয় এলপিজি বাজারের ২৫ শতাংশ এলএইউজিএফএস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। গত মাসে আট শতাংশ বেড়েছিল এলপিজির দাম। ওই প্রতিষ্ঠানটি খুচরা বাজারে সাড়ে ১২ কেজি ধারণ ক্ষমতার গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ৭০ রুপি বাড়িয়ে পাঁচ হাজার ৭০০ রুপি (১৮ ডলার আট সেন্ট) করেছে। ওই সিলিন্ডারের আগের দাম ছিল চার হাজার ৬৩০ রুপি (১৪ ডলার ৬৯ সেন্ট), যা বর্তমান দামের চেয়ে ২৩ শতাংশ কম। অপরদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লিট্রো গ্যাস সিলিন্ডারপ্রতি দাম ১৯ দশমিক ৪২ শতাংশ বাড়িয়েছে। লিট্রো গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ৪ হাজার ৭৬৫ রুপি। আগের দাম ছিল তিন হাজার ৯৯০ রুপি। লিট্রো গ্যাসের মুখপাত্র বলেন, বিশ্ববাজারে এলপিজির মূল্যবৃদ্ধি ও জাহাজীকরণের খরচ বেড়ে যাওয়ায় তারা মূল্য বাড়াতে বাধ্য হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত