জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের একদিন পর জুয়েল শেখ (৩২) নামে এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার অটোরিকশা ছিনতাই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে জুয়েল শেখ মেলান্দহের পূর্ব শ্যামপুর এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে শিমুলতলী যান। সেখানে যাত্রী নামিয়ে দেওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ইসলামপুর উপজেলার সংগরপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মুখে টেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের নির্মমতার ইঙ্গিত দেয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
২০ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন সম্ভব: মৎস্য মন্ত্রী