বেশি বেতনে সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানব পাচার ও প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। তারা হলেনÑ মো. শামীম, মো. রুহুল আমিন, মো. হৃদয় হাসান, আবু রায়হান ও মো. সানি মিয়া। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি।
এক যুবক পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় দালালচক্রের সঙ্গে যোগাযোগ করেন। তাকে মাসে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসা দেওয়ার কথা থাকলেও দেয় ট্যুরিস্ট ভিসা। এর মধ্যে তিনি পরিশোধ করেন ২ লাখ ৬৬ হাজার টাকা। শুধু ওই যুবকই নন, একই কৌশলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
গতকাল সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ভুক্তভোগী অনলাইনে একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারেন, সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক আড়াই হাজার রিয়াল বেতনে লোক নিচ্ছে। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় অবস্থিত অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে তাকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিদেশ যাওয়ার আগেই সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা বলা হয়। এরই ধারাবাহিকতায় চক্রটি বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে ব্যাংক ও নগদে মোট ২ লাখ ৬৬ হাজার টাকা নেয়।