বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী ১ বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদারকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
কামাল উদ্দিন মজুমদার সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার জন্য পেশাদার মহলে সমাদৃত। এর আগে তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবে দুবার সভাপতি ও দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রায় ৪০ বছরের সাংবাদিকতা জীবনের মধ্যে ৩২ বছর বাসসে কর্মরত ছিলেন। সবশেষ ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংবাদ সংস্থায় তিনি নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক পদে যোগ দেন। নতুন এই নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
১৯৮৫ সালে অধুনালুপ্ত ডেইলি নিউজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এ কাজ করেন। এরপর যোগ দেন বাসসে।
ফেনী শহরের ডাক্তারপাড়ার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন সবুজ। পৈতৃক নিবাস একই জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তার বাবার নাম সুলতান আহমেদ মজুমদার ও মা জেবুননাহার বেগম। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
