ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক তেলের বাজারে নেমেছে স্বস্তি। বুধবার (৮ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ১৩.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৪৩ ডলারে এবং ডব্লিউটিআই ১৪.৩ শতাংশ কমে ৯৬.৮২ ডলারে নেমে আসে। দীর্ঘদিন পর যা প্রথমবারের মতো ১০০ ডলারের নিচে।
হরমুজ প্রণালী অবিলম্বে খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে আগেই তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন। মঙ্গলবার 'আজ রাতে গোটা একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে' বলার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে লিখলেন, 'এটি হবে উভয় পক্ষের যুদ্ধবিরতি।'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে তারাও প্রতিরক্ষামূলক অভিযান থামাবে এবং দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালীতে চলাচলের সুযোগ দেওয়া হবে, তবে তা অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে।
বিশ্লেষকরা অবশ্য সতর্ক করছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনো অনেক পথ বাকি। এমএসটি মার্কি বিশ্লেষক সল কাভোনিক বলেন, ভবিষ্যতে ইরান হরমুজ প্রণালীকে আরও ঘন ঘন হুমকির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, ফলে বাজারে ঝুঁকির আশঙ্কা থেকেই যাচ্ছে। আইজি বিশ্লেষক টনি সাইকামোর বলেন, এটি একটি ভালো শুরু হলেও স্থায়ী সমাধানের আগে অনেক প্রশ্নের জবাব মিলতে হবে।
উল্লেখ্য, গত মার্চ মাসে ইতিহাসের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি দেখেছিল তেলের বাজার, এক মাসেই দাম বেড়েছিল ৫০ শতাংশেরও বেশি।
