গোপালগঞ্জ

তেল মজুদ ও বেশি দামে গ্যাস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অবৈধভাবে ডিজেল তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। 

জানা যায়, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার দায়ে মাসুদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে কৃষি বিপণন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং অবৈধভাবে ডিজেল মজুদ করে দুই ব্যবসায়ী আইন লঙ্ঘন করেছেন। তাই তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত