ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল প্যাকেটজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা কার্যকর করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানকালে দেখা যায়, ‘কবির এন্ড সন্স’ গোডাউনে নোংরা পরিবেশে বড় প্লাস্টিকের ড্রাম থেকে ছোট টিনে তেল প্যাকেটজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ‘হাজী নুর আহম্মদ এন্ড সন্স’ ক্রয়-বাউচার ও প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া তেল প্যাকেটজাত ও বিক্রি করছিল। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে ফেনী র্যাব-৭ এর একটি টিমসহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবদু রহমান ও জেলা কৃষি বিপণন অফিসার হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, ‘জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান অব্যাহত থাকবে।’
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্যাকেটজাতের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও জেলাব্যাপী ভেজালবিরোধী অভিযান চালিয়ে যাব।’
টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ