তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা করে পালাল আসামি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য (কনস্টেবল)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর আহত পুলিশ সদস্যর বনমালী বর্তমানে চিকিৎসাধীন। এদিকে ঘটনার সময় পালিয়ে গেছে অভিযুক্ত আসামি রাসেল। অভিযুক্ত রাসেল একই গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে শরিফ উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং সন্দেহভাজন হিসেবে রাসেলের নাম উল্লেখ করেন। থানায় অভিযোগ দায়েরের পর ওয়ারেন্টভুক্ত হওয়ায় রাসেলকে গ্রেপ্তারে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত রাসেল পুলিশের কনস্টেবল বনমালীর ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। একই সময় উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান চলছে। সরকারি কাজে বাঁধা দেওয়াসহ হত্যার উদ্দেশ্যে ওই হামলার ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বনমালী বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ঘটনায় থানায় আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন।

ওসি আরো বলেন, আসামি রাসেল দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। অভিযানে হামলার ঘটনার পর ভুক্তভোগী পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত