কাতালান ডার্বিতে এসপানিওলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফেররান তোরেস। তবে তার দুটি গোলে অবদান এবং নিজে একটি গোল করে জয়ের নায়ক লামিন ইয়ামাল। এই জয়ের ফলে লিগের মাত্র ৭ ম্যাচ বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ৯ পয়েন্টে এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল।
শনিবার রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য। এক পর্যায়ে বলের দখল ৮৫ শতাংশ পর্যন্ত নিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের শুরুর দিকেই ল্যামিন ইয়ামালের নিখুঁত কর্নার থেকে হেডের মাধ্যমে গোল করে বার্সাকে লিড এনে দেন ফাররান তোরেস। প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্ট্রাইকার।
বিরতির পর পোল লোজানোর গোলে এসপানিওল ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ল্যামিন ইয়ামাল এবং মার্কাস র্যাশফোর্ডের গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সার। এটি ছিল লিগে বার্সেলোনার টানা অষ্টম জয়।
সমালোচকদের জবাব দিলেন তোরেস
গত ৩১ জানুয়ারির পর এই ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন ফাররান তোরেস। দীর্ঘ ১৩ ম্যাচের গোলখরা কাটিয়ে জোড়া গোল করার পর সমালোচকদের প্রতি ইঙ্গিত করে কানে হাত দিয়ে উদযাপন করেন তিনি। ম্যাচ শেষে তোরেস বলেন, "বাইরে আমাকে নিয়ে অনেক নেতিবাচক কথা হয়। আমি যা করি তা হয়তো অনেকের সহ্য হয় না। তবে আমি সবসময় নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রেখেছি।"
শিরোপা এখনো নিশ্চিত নয়– ফ্লিক
৯ পয়েন্টের বড় ব্যবধান সত্ত্বেও পা মাটিতেই রাখছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "৯ পয়েন্টের ব্যবধান অবশ্যই স্বস্তির, তবে কাজ এখনো শেষ হয়নি। আমাদের হোমওয়ার্ক চালিয়ে যেতে হবে। শিরোপা জেতা হয়ে গেছে—এমন মনোভাব আমি কোনোভাবেই গ্রহণ করব না।"
সামনে চ্যাম্পিয়ন্স লিগের অগ্নিপরীক্ষা
লা লিগায় উড়ন্ত ফর্মে থাকলেও বার্সেলোনার সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বার্সাকে সেমিফাইনালে যেতে হলে মাদ্রিদে অলৌকিক কিছু করে দেখাতে হবে। তবে ফ্লিক আশাবাদী, "ছেলেরা ভালো মেজাজে আছে। আমাদের একটি নিখুঁত ম্যাচ খেলতে হবে এবং আমরা সেটি করতে সক্ষম।"
