ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার বীররামপুর ভাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন বীররামপুর ভাটিপাড়া এলাকার সুজন মিয়া (২৮) ও আব্দুল মান্নান (৩৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, সবুজ মিয়া, মহসিন হাসান ও সঙ্গীয় ফোর্স উপজেলার বীররামপুর ভাটিপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সেখান থেকে সুজন মিয়া ও আব্দুল মান্নানকে আটক করা হয়। আটকের পর তাদের শরীরে তল্লাশি করে ৬৭ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।