বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে মর্যাদা ফিরিয়ে দিতে দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া ক্রীড়াঙ্গনের বিকাশে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার অংশ হিসেবে প্রথম ধাপে বগুড়াসহ দেশের ১০টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ হবে। আগামী জুন অর্থ বছরেই আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।
আজ সোমবার দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, ড্রেসিং রুমসহ সকল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মাঠে চলা মুসলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সাথে কথা বলেন।
স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম থাকার কথা থাকলেও রাজনৈতিক বৈষম্যে বগুড়াতে তা নেই। দ্রুততম সময়ে শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে আলাদা স্টেডিয়াম নির্মাণেরও কথা বলেন তিনি।
এ ছাড়া আগামী জুলাই মাসে বগুড়ায় মহিলা বিপিএলসহ এ বছর বিপিএলের ম্যাচও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ রেজাউল করিম বাদশা, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, সহ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
