পটিয়ায় মাদক সেবনের দায়ে সাতজনকে মোবাইল কোর্টে সাজা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার সাতজনকে পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি এবং প্রকাশ্যে বিশৃঙ্খল আচরণের অভিযোগে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মো. সোলাইমানের ছেলে মো. সাকিব (২০) ও মো. জাকিরের ছেলে মো. আবির (১৯) রয়েছেন। এছাড়া পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাশের ছেলে বাবু দাশ (৩৮), শিবু ভুট্টুর ছেলে রাজু ভুট্টু (৩২), কেলিশহর গ্রামের বিমল কান্তি শীলের ছেলে মুন্না কান্তি শীল (২০), শিবু গুপ্তের ছেলে রাজু গুপ্ত (৩২) এবং ছনহরা ইউনিয়নের বরিয়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে নজরুল ইসলাম (৩৫) রয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি ও জনশৃঙ্খলা ব্যাহত করার অভিযোগে পটিয়ার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, পটিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও মাদকের মাধ্যমে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত