ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনাও ঘটেনি। তবে মরদেহটি জিরো লাইনের ৫০ গজ দূরে বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে। কাজেই, এটি সীমান্ত কেন্দ্রীক ঘটনা কিনা তা আমরা নিশ্চিত নই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
