পাওনা টাকাকে কেন্দ্র করে কলেজছাত্রীকে হত্যা 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া (২০) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত করা হয় তার মা ও ছোট দুই ভাইবোনকে।

সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার নিজেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিয়ার ভাই মোয়াজ আহমেদ (১৫), বোন জয়া (১২) ও মা নুসরাত জাহান মৌসুমী (৪০)।

ওই পরিবারের গাড়ি চালক মো. বিল্লাল হোসেন জানান, কাজলা ভাঙ্গা প্রেস এলাকার বাড়িটি তাদের নিজেদের। পাশে তাদের আরেকটি বাড়ি আছে৷ তাদের সেই বাড়িতে ভাড়া থাকে মুসা নামে এক ঠিকাদার। মৌসুমিদের বাড়ির নির্মানকাজও করে সে। এই কাজের বেশ কিছু টাকা পাওনা মুসা। সেই টাকা তিনি দাবি করছিলেন। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বাড়ির মালিক মৌসুমির সাথে। সবশেষ তিনি রাত ২টার দিকে মৌসুমির বাসায় ঢুকেন। এরপর অনেক সময় নিয়ে কথা বলে। পানি খায় এবং বলে, কাকি আমাকে মাফ করে দিয়েন। এরপরই সঙ্গে লুকিয়ে রাখা চাপাতি বের করে মৌসুমিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তখন মাকে বাঁচাতে যায় ৩ সন্তান। তখন তাদেরকেও আঘাত করে।

তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাসা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তার মা মৌসুমির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। মা এবং দুই ভাইবোনকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন জয়া ও মৌসুমি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজে পড়ত। জয়া একটি মাদ্রাসায় আর ছোট ভাই মোয়াজ একটি স্কুলে পড়ে।

এদিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সা লেনদেন কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত