দুমকিতে পহেলা বৈশাখ উপলক্ষে ঘোড়দৌড়, দর্শনার্থীদের ঢল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ভক্ত বাড়ির ঠোডায় চরে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজারো মানুষের সমাগম ঘটে, এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় উদ্যোগে আয়োজিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশ নেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে এবং প্রতিযোগিতার প্রতিটি পর্বে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার পাশাপাশি সেখানে বসে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন পণ্যসামগ্রী, খেলনা ও গ্রামীণ খাবারের দোকান দর্শনার্থীদের আকর্ষণ করে।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এ ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই এ আয়োজন করা হয়ে থাকে। পহেলা বৈশাখকে ঘিরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থানীয়দের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।

স্থানীয় দর্শনার্থীরা বলেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে এবং বিনোদনের একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সার্বিকভাবে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত