যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করবে ইউরোপ !

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ এএম

বহুল আলোচিত হরমুজ প্রণালিকে ঘিরে চলতি বছর বড় ধরনের সামরিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তায় গভীর প্রভাব ফেলছে। তাই এই প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। যুদ্ধ পরবর্তী সময়ে এ পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এই মিশনটি হবে একটি ‘আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন’। এতে কোনো ‘যুদ্ধরত পক্ষকে’ রাখা হবে না। এর অর্থ হলো-যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই জোটের অংশ হবে না।

উল্লেখ্য হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে এই পথটি অস্থিতিশীল হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ  হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০% এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত