দেড় ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ এএম

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলা ভবনটির ওপর তলায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বনানীর কাঁচাবাজার এলাকার ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় আগুন লাগে। ১১ তলা ভবনটির ওপর তলায় প্রথম আগুন দেখা যায়। সংবাদ পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলটি প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় শুরুতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। সব মিলিয়ে সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি এবং ভবনে থাকা কেউ হতাহত হননি। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত