মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই। নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৮৮) । গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। গতকাল বুধবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মশিক মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করে। এ সময় বড় ছেলে শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছেন।
