অবশেষে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

সানরাইজার্স হায়দরাবাদ সমর্থকদের জন্য বড় এক স্বস্তির খবর দিলেন প্যাট কামিন্স। পিঠের চোট কাটিয়ে আইপিএলে ফেরার সবুজ সংকেত পেয়েছেন এই অজি তারকা। সিডনিতে করা সর্বশেষ স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল আসায় চলতি মাসের শেষ দিকেই তাকে হায়দরাবাদের জার্সিতে মাঠে দেখা যেতে পারে।

হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কামিন্স আসরের শুরুতে দলের সঙ্গেই ছিলেন। অনুশীলন করলেও মাঠে নামা হয়নি। পূর্বনির্ধারিত স্ক্যান করানোর জন্য চলতি মাসের শুরুর দিকে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান। আগস্ট থেকে পিঠের ইনজুরিতে ভুগতে থাকা কামিন্সের সর্বশেষ রিপোর্ট বলছে, তার স্ট্রেস ইনজুরি এখন পুরোপুরি সেরে গেছে।

কামিন্স জানিয়েছেন, আগামী শুক্রবার তিনি ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন। এরপর ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য স্থির করেছেন তিনি। গত বছরের জুলাই থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কামিন্স এই মৌসুমে কেবল অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছিলেন। তাতে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখায় বড় ভূমিকা রাখলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ফিট ছিলেন না।

কামিন্সের অনুপস্থিতিতে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষান। ৫ ম্যাচের মধ্যে ২টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১৯ রান তুলেও হারতে হয়েছিল তাদের, তবে গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অরেঞ্জ আর্মি। দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে প্যাট দলের সাথেই ছিল। ও ঈশানের সাথে অধিনায়কত্বের ধরন নিয়ে নিয়মিত আলোচনা করতে পেরেছে, যা আমাদের জন্য সহায়ক হয়েছে।’

কামিন্সের ফেরার খবরটি অস্ট্রেলিয়ার জন্যও বড় স্বস্তির। কারণ আগামী আগস্ট থেকে পরবর্তী বছরের জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়াকে অন্তত ২০টি টেস্ট খেলতে হবে। এই ব্যস্ত সূচিতে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়াও রয়েছে এমসিজিতে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট। এমনকি অস্ট্রেলিয়া কোয়ালিফাই করলে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত