অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে একসঙ্গে ন্যাড়া হলেন ৯ যুবক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব। কুমিল্লার মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।

শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়। গত ১৫ এপ্রিল উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু। বন্ধুত্বের এই নিঃস্বার্থ ভালোবাসায় মাথা ন্যাড়া করা যুবকরা হলেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বন্ধুদের ভালোবাসায় সজীবও অন্যভাবে সাড়া দিয়ে তিনি নিজেও ওই দিন দুপুরেও খৈয়াখালী বাজারের একটি চটপটি হাউজের ছাদে বন্ধুদের সম্মানে ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান রাজহাঁস ও তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত