কুষ্টিয়ায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে গতকাল শুক্রবার সকাল থেকেই অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটসহ খুলনা-যশোর, রাজবাড়ী-ফরিদপুর-বরিশাল, রাজশাহী-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য সব রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। শুধুমাত্র কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলাচল করছে।
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই সব রুটের গন্তব্যে যাওয়া যাত্রীরা।
এ বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে আলাপকালে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, ‘বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসের মতোই কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে আমাদের শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত রয়েছে। অথচ মালিক গ্রুপ তাদের পরিবহনের ক্ষেত্রে সে সব সুযোগ-সুবিধা ভোগ করেন, আমাদের শ্রমিক ইউনিয়নের পরিবহনের ক্ষেত্রে সেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে বিদ্যমান এই বৈষম্যের অবসান ঘটাতে গত ৮ এপ্রিল মালিক গ্রুপের সঙ্গে একটা সমঝোতা বৈঠক হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত মতে, গত ১৫ এপ্রিলের মধ্যে শ্রমিক ইউনিয়নের দাবি মালিক গ্রুপের মেনে নেওয়ার শেষ সময় পার হয়ে গেছে। অথচ মালিক গ্রুপ তাদের কমিন্টমেন্ট বাস্তবায়ন করেননি। মালিক গ্রুপ শ্রমিকদের দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে সব রুটে বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার হবে না বলে শ্রমিক ইউনিয়ন সিন্ধান্ত নিয়েছে। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি।’
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের দুটি দাবির কথা জানান। একটি হলো পরিবহন চালানোর জন্য মালিকরা যেসব সুযোগ-সুবিধা পান, তাদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়তটি হলো, শ্রমিক সংগঠনের মালিকানার একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে। শ্রমিকদের এসব দাবি পূরণ না করায় তারা সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। শুধুমাত্র কুষ্টিয়া থেকে ঢাকাগামী রুটে বাস চলাচল করছে।
