শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে ভিআইপি প্রটোকল নিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। গত বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাদা কাপড় দিয়ে আকর্ষণীয় তোরণ তৈরি করে, ফুল ছিটিয়ে, গার্ড অব অনার ও লাল ফিতা নাড়িয়ে তাকে বরণ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, গার্ড অব অনার হলো সামরিক বা রাষ্ট্রীয়ভাবে কোনো বিশেষ সম্মানীয় ব্যক্তিকে অভ্যর্থনা জানাতে বা বিদায় জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেওয়া সর্বোচ্চ আনুষ্ঠানিক সম্মান। তারপরও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জেলা পরিষদ প্রশাসকের এ ধরনের সংবর্ধনা নেওয়ায় বইছে সমালোচনার ঝড়। অনুষ্ঠানের সমালোচনা করে সামাজিকমাধ্যমে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীই এ ধরনের প্রটোকল নেন না, সেখানে একজন জেলা পরিষদের প্রশাসক কোনোভাবেই এ ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারেন না।’ নেটিজেনদের আরেকজন লেখেন, ‘কোনো রাজনৈতিক নেতার জন্য রাস্তায় ছাত্রছাত্রীদের দাঁড় করানোর অপসংস্কৃতি বন্ধ করা উচিত।’