প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে পাঠ্যক্রমের প্রতি আগ্রহ তৈরি করা। এই উৎসাহব্যঞ্জক প্রক্রিয়াটি তারা বন্ধ করতে চান না। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় এই পরীক্ষাটি নেওয়ার কথা থাকলেও কোনো কারণে হয়তো তা সম্ভব হয়নি, সেটি তারা পুনরায় চালু করেছেন এবং পরীক্ষা সম্পন্ন করছেন। গতকাল শুক্রবার রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বৃত্তি পরীক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া। তিনি বলেন, ভবিষ্যতে যত বেশি শিক্ষার্থীকে এ পরীক্ষার আওতায় আনা সম্ভব, সে জন্য তারা কাজ করবেন। পাশাপাশি যে আর্থিক সহায়তা বা প্রণোদনা দেওয়া হয়, তার পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
