বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফুলতলার শাকপালা পার্কে এ হামলার ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে নিহতের স্বজনরা আইনগত ব্যবস্থা নেবেন বলে থানা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় তুহিন ও তুর্য নামে দুজন পৃথকভাবে আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররা এ তথ্য দিয়েছেন।
নিহত সিয়াম শাজাহানপুর উপজেলার ফুলতলা আমেরিকান বোর্ডিং এলাকার সাদিকুল ইসলামের ছেলে। সে রানীরহাট কারিগরি স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিয়াম ও তুহিনের সঙ্গে শাকপালা এলাকার প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। মীমাংসার নামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিয়াম ও তুহিনকে ফোন করে ডেকে শাকপালা পার্কে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতে আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এদিকে সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকায় তাদের লোকজন প্রতিপক্ষের তূর্যকে ধরে বেধড়ক মারধর করেন। আহতাবস্থায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
