পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বিভিন্ন বাসা-বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯এপ্রিল) সকাল ৯.৩০টার দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত কাজী আশফাকুজ্জামান জয় (৪০) ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ভাণ্ডারিয়া পৌর এলাকায় পোল ও বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ সকালে জয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানার ওসি মো.জগলুল হাসান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। চুরির উপদ্রব কমাতে এলাকায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে।