প্রধানমন্ত্রীর বগুড়া সফর আজ, যা থাকছে কর্মসূচিতে

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বগুড়া জেলা সফরে আসছেন। সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ফলক উন্মোচন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। গতকাল রবিবার দুপুরে বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৬টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন এবং সকাল ১০টা ৩০মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের শুভ সূচনা করবেন।

বেলা ১১টা ৩০ মিনিটে তিনি বগুড়া পৌরভবনে নবসৃষ্ট ‘বগুড়া সিটি করপোরেশন’- এর ফলক উন্মোচন করবেন। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এরপর বিকেল ২টা ৪৫ মিনিটে বাগবাড়ী থেকে সার্কিট হাউজে ফিরবেন।

বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন এবং রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত