আজ সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করেন।
পরোক্ষ ভোটের এই নির্বাচনে ১২ মে ভোটের দিন ধার্য থাকলেও পদ্ধতিগত কারণে ভোটাভুটির প্রয়োজন হবে না। অর্থাৎ দল যাদের মনোনয়ন দিয়েছে, বাছাইয়ে বাদ না পড়লে তাদের এমপি হওয়া কার্যত নিশ্চিত।
এ তালিকার বিএনপির চার প্রার্থীকে ‘বিশেষ চমক’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। তারা হলেন-সুবর্ণা সিকদার (ঠাকুর), আন্না মিনজ, মাধবী মারমা, ফাহমিদা হক। তবে প্রথম প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এমন দাবির বিষয়ে সুবর্ণা সিকদার সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কমিটিতে অনুমতি ছাড়াই তাঁর নাম রাখা হয়েছিল। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
সুবর্ণা মতুয়া সম্প্রদায়ের। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তাঁকে দেখা গেছে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন শেষে ২০২৩ সালের ১ জানুয়ারি প্রকাশিত কমিটির পূর্ণাঙ্গ তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা সিকদারের নাম ছিল।
অন্য তিন প্রার্থীর মধ্যে আন্না মিনজ খ্রিষ্টান ধর্মাবলম্বী ও ওরাওঁ জনগোষ্ঠীর নারী। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস হিসেবে কর্মরত। এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে ব্র্যাকের উন্নয়নমূলক কর্মসূচি তদারকি করেন তিনি। তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই উন্নয়ন কৌশলী ২০০৯ সালে ব্র্যাকে যোগ দেন। তিনি কারিতাস ও কেয়ার বাংলাদেশের মতো সংস্থায় উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। আন্না মিনজ ‘ন্যাশনাল কোয়ালিশন অব ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন এবং ‘সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর ভাইস-চেয়ার। তিনি প্রাণিবিদ্যায় এমএসসি ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন।
দীর্ঘ ৫৫ বছর পর পাহাড়ি জনগোষ্ঠী থেকে সংসদে যাচ্ছেন অ্যাডভোকেট মাধবী মারমা। বান্দরবান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য। তিনি জেলা জজকোর্টের আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান শাখার সহসভাপতি। আন্না মিনজ ও মাধবীর মনোনয়নকে বিএনপির ‘ইনক্লুসিভ’ রাজনীতি হিসেবে প্রশংসা করছেন অনেকে।
এ ছাড়া ফাহমিদা হকের মনোনয়নকেও বিশেষ চমক বলা হচ্ছে। তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী। নরসিংদীর বেলাবোর বাসিন্দা জিল্লুর রহমানের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের বোর্ড অব ডিরেক্টর হিসেবে আছেন ফাহমিদা হক। দীর্ঘদিন নিজেকে ‘নিরপেক্ষ’ সাংবাদিক হিসেবে উপস্থাপন করা জিল্লুর রহমানের স্ত্রী শেষ পর্যন্ত দলীয় রাজনীতির মাধ্যমে সংসদে যাচ্ছেন।